অনলাইন রিপোর্ট :: শহীদ ক্যাপ্টেন মাহবুব এর কবর জিয়ারতসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ৩ ডিসেম্বর কানাইঘাট ও জকিগঞ্জ সফরে আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
একাত্তরের রণাঙ্গনে যে জনপদে লড়েছিলেন ৫৫ বছর পর সেই স্মৃতিবিজড়িত এলাকায় এক দিনের সফরে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বিজয়ের মাস আসছে ডিসেম্বরে তাঁর এই সফরে কানাইঘাট উপজেলার দিঘীরপার পুর্ব ইউপির সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে শায়িত শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করে জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং জকিগঞ্জ উপজেলা সদরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৯৭১ সালে কানাইঘাট ও জকিগঞ্জের যেসব স্থানে সম্মুখযুদ্ধ সংঘটিত হয়েছিলো, সেসব যুদ্ধেও সরাসরি অংশ নিয়েছিলেন তিনি। এবার সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে সেই রণাঙ্গনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতেই আসছেন এই বীর মুক্তিযোদ্ধা। এই সফর কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জনপদের সঙ্গে মেজর হাফিজের ব্যক্তিগত ও ঐতিহাসিক সম্পর্কের এক আবেগঘন পুনর্মিলন। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ সংরক্ষণ ও মর্যাদা দেওয়ার বিষয়টি নতুন করে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। এই সফর কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়নেও ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন উপজেলার সচেতন মহল।
এরআগে চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান। ওই আলোচনায় তিনি নিজের নির্বাচনী এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি তুলে ধরেন। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে কানাইঘাট ও জকিগঞ্জে সংঘটিত ঐতিহাসিক সম্মুখযুদ্ধগুলোর কথা উল্লেখ করেন।
কানাইঘাটের মাটিতে যুদ্ধ করে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। জকিগঞ্জের মাটিতেও যুদ্ধ করে খেতাব অর্জন করেন কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁদের মধ্যে অনেকে জকিগঞ্জের আটগ্রাম, কানাইঘাটের চাপনগরসহ বিভিন্ন এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নিয়ে বীরত্বের স্বীকৃতি পান। এই অঞ্চলের রণাঙ্গনে অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বীরউত্তম খেতাব পান সেক্টর কমান্ডার মেজর (অব.) সি আর দত্ত, ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও ক্যাপ্টেন খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া। বীরবিক্রম খেতাবে ভূষিত হন বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও আবদুল আজিজ। এ ছাড়া মেজর (অব.) ওয়াকার হাসান, ফ্লাইট লেফটেন্যান্ট লিয়াকত আলী, শামসুল হক ও আবুল বাশার বীরপ্রতীক খেতাব পান।
১নং লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির বড়খেয়র গ্রামে রয়েছে খাজা নিজাম উদ্দিন ভুইয়া বীরউত্তম এর কবর কমপ্লেক্স। বীরউত্তম খেতাবে ভূষিত অকুতোভয় সেনানী ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর সাতবাঁক ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গনে। ১৯৭১ সালের ২৬ নভেম্বর কানাইঘাটের দিঘীরপার পশ্চিম ইউপির (সাতবাঁক ইউপি) চাপনগর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন তিনি। তাঁর অসামান্য আত্মত্যাগ কানাইঘাটকে শত্রুমুক্ত করার পথ সুগম করেছিল। এই যুদ্ধে মেজর হাফিজও অংশগ্রহণ করেছিলেন এবং তাঁর চোখের সামনেই ক্যাপ্টেন মাহবুবুর রহমান মারা যান। ক্যাপ্টেন মাহবুবকে এই মাটিতে সমাহিত করে তারা যুদ্ধের পরবর্তী পর্বে অংশগ্রহণ করেন।
আগামী ৩ ডিসেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কানাইঘাট সফরে এসে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত ও জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনে আসার কর্মসূচী গ্রহন করায় স্পিকারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান।