অনলাইন ডেস্ক :: সিলেটের কানাইঘাটে জাতীয় নেতা, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের হারিছ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম সভাপতিত্বে ও ফাউন্ডেশনের নেতা মাস্টার ফারুক আহমদ ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মরহুমের কন্যা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, তার পিতা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি সবসময় সিলেট তথা কানাইঘাট ও জকিগঞ্জের মানুষজনকে ভালোবাসতেন।
ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি আত্মগোপনে মৃত্যুবরণ করেছিলেন। তবে পরে আইনি প্রক্রিয়ায় তার লাশ উত্তোলন করে জন্মভূমি কানাইঘাটের তার প্রতিষ্ঠিত শফিকুর রহমান মেমোরিয়াল এতিমখানার প্রাঙ্গণে দাফন করা হয়। হারিছ চৌধুরী ফাউন্ডেশন তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজীবন কাজ করে যাবে।”
স্মরণ সভায় উপস্থিত বক্তারা মরহুম আবুল হারিছ চৌধুরীর জীবন ও অবদানের ওপর আলোকপাত করেন। তারা বলেন, তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে কানাইঘাট-জকিগঞ্জে সুরমা নদীর উপর সেতু, প্রধান প্রধান সড়ক, পৌরসভা, বিদ্যুতায়ন ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দীন সাজু, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি এটিএম সেলিম চৌধুরী, দিঘীরপাড় পূর্ব ইউপি বিএনপির সভাপতি নুর উদ্দিন, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফখর উদ্দিন চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মরহুমের আত্মীয়-স্বজন।
স্মরণসভা শেষে মরহুম আবুল হারিছ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিতদের মাঝে শিরনী বিতরণ করা হয়।