অনলাইন ডেস্ক :: নিহত পাঁচ বাংলাদেশীই সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাসিন্দা। কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশী নিহত হয়েছেন।
আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশীই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালের মর্গে পৌঁছান। তারা সেখানে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দিচ্ছেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশীদের আইনি প্রক্রিয়া ও কাগজের কাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে লাশগুলো বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে কাতার প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।